আমি জানি না, হে মাতৃভূমির সন্তান—
শোনো আমার মায়ের নাতিরা,
এখন হাসির সময় নয়,
কান্নারও নয়—
এখন প্রশ্নের সময়।
দেশ যখন বহিরাগতদের খপ্পরে ছিল,
তাদের রঙ ছিল আলাদা,
রক্ত ছিল চেনা,
ভাষা ছিল দুর্বোধ্য—
শিশুরাও চিৎকার করে বলত,
“বিদেশি! বিদেশি!”
কিন্তু আজ?
আজ আমরা মাথা নত করি তাদের কাছে,
যারা বাংলার বদলে অনর্গল ইংরেজি বলে
ক্ষমতার সিলমোহর বসায়;
যারা ভিনদেশে গড়ে তোলে দ্বিতীয় আবাস,
এখানে রেখে যায় কেবল নির্দেশ।
আমি বলি না—ইংরেজি শিখো না।
বলি না—বিদেশে যেও না।
আমি নিজেই এক দ্বিধাগ্রস্ত বৃদ্ধ—
অন্ধ কীভাবে আরেক অন্ধকে পথ দেখায়?
তবু প্রশ্ন করি—
আমরা কোন যুগে দাঁড়িয়ে?
শিকারযুগ ইতিহাস,
কৃষিযুগও অতীত।
এখন ভাষার যুগ—
যেখানে জিহ্বাই অস্ত্র,
উচ্চারণই পাসপোর্ট,
বাক্যই সীমান্ত অতিক্রমের ভিসা।
আমি জানি না—
জন্ম উত্তম, না মৃত্যু;
স্বর্গ, না নরক;
ঈশ্বর, না শয়তান।
তবু জানি—
মৃত্যু এক নিশ্চিত ভাষান্তর,
অন্ধকারের গহ্বর থেকে
আরেক অজানা উচ্চারণে যাত্রা।
সেদিনও থাকবে রাজা,
থাকবে বিরোধ, প্রতিরোধ।
সেদিনও কেউ নিরাপদ দূরত্বে
বিদেশে গুছিয়ে রাখবে তার আশ্রয়।
প্রশ্ন একটাই—
ভাষা কি শুধু অলংকার?
যাদের জয় সর্বত্র,
তাদের কাছে কি মাতৃভাষা কেবল স্মৃতিফলক?
বাংলা এখনো বেঁচে আছে—
গরিবের উচ্চারণে,
ইংরেজি না-জানা কবির স্বপ্নে,
ইনকিলাব-ধ্বনি তোলা সর্বহারার কণ্ঠে।
আমি একটি জীবন লিখেছি এই ভাষায়।
তবু যারা আমাদের শাসায়—
আমরা কি তাদের বাপের খাই?
না—
আমরা খেয়েছি মায়েরটাই।
আমাদের কোনো দুঃখ নেই—
কারণ ভাষা এখনো প্রজ্বলিত;
উচ্চারণে এখনো আছে আগুন,
লজ্জা আছে,
আছে প্রতিরোধ।
© ২০২৫ bongochokh.com | Developed by: Sajedul Islam
Copyright: Any unauthorized use or reproduction of bongochokh.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
Copyright: Any unauthorized use or reproduction of bongochokh.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
